নিকাহ রেজিস্ট্রারদের (কাজি) বর্তমান কর্মএলাকা ও অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে জামালপুরে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে কর্মরত বিকাহ রেজিস্ট্রারেরা।
পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে ১৬ নভেম্বর, সোমবার সকালে জামালপুর শহরের ফৌজদারি মোড় থেকে মিছিল বের করে নিকাহ রেজিস্ট্রারেরা। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে এই কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন। তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়। নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রারদের বর্তমান কর্মএলাকা ও অধিক্ষেত্র বহাল রাখা তাদের অন্যতম প্রধান দাবি। একটি ইউনিয়ন বা ওয়ার্ডে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব তাদের পেশাগত জীবনে অনিশ্চয়তা তৈরি করবে। এতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা কাজিদের জীবিকা ও পেশাগত নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- কোনো নিকাহ রেজিস্ট্রার মারা গেলে বা অবসরে গেলে তার যোগ্য পুত্রকে সরাসরি নিয়োগ দেওয়া, নিয়োগের ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা ও ইসলামী শরিয়াহ সম্পর্কে জ্ঞানকে গুরুত্ব দেওয়া, অবসরের বয়সসীমা ৭৫ বছর নির্ধারণ এবং বিবাহ ও তালাক নিবন্ধন ফিসহ আনুষঙ্গিক ফি যৌক্তিক হারে বৃদ্ধি করা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি কাজী হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক কাজী মসিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, জ্যেষ্ঠ সহ-সভাপতি আজিজুর রহমান, সদর উপজেলার সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনসহ অন্য নেতারা।
সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মসিউর রহমান বলেন, তারা সরকারের সঙ্গে কোনো সংঘাতে যেতে চান না। আলোচনার মাধ্যমে তারা দীর্ঘদিনের সমস্যার ন্যায়সংগত ও স্থায়ী সমাধান চান। পেশাগত মর্যাদা, স্বচ্ছ নিয়োগব্যবস্থা এবং জীবিকার নিরাপত্তা নিশ্চিত করে বিদ্যমান সমস্যার সমাধান করতে হবে।
কর্মসূচি থেকে দাবিগুলো সরকারের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশসহ পরবর্তী কর্মসূচি পালনের কথাও জানান তিনি।

মাহমুদুল হাসান মুক্তা : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 


















