জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যমুনার শাখা নদী থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
রাতের আঁধারে অপরিকল্পিতভাবে মাটি উত্তোলনের কারণে এক রাতেই নদীগর্ভে বিলীন হয়েছে একটি আঞ্চলিক সড়কের একাংশ ও প্রায় দুই বিঘা ফসলি জমি। নষ্ট হয়েছে ধান ও মরিচের ক্ষেত। এতে ফুলজোড়, নাংলা ও কাইজেরচরসহ আশপাশের কয়েকটি এলাকার প্রায় ১০ হাজার মানুষের চলাচল হুমকির মুখে পড়েছে।
১৬ নভেম্বর, সোমবার সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকায় গিয়ে দেখা যায়, যমুনার শাখা নদীর পাড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে চলে গেছে সড়কের একাংশ ও ফসলি জমি। ধসে পড়েছে ধান ও মরিচের ক্ষেত। আকস্মিক এরকম ভাঙনের কারণে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ওই এলাকায় ড্রেজার বসিয়ে নদী থেকে মাটি উত্তোলন করা হচ্ছিল। ড্রেজার মালিক আজাদ এবং স্থানীয় মুনু খা ও নূরনবী খা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অপরিকল্পিতভাবে মাটি উত্তোলনের ফলে নদীর পাড় দুর্বল হয়ে পড়ে। এর জেরেই গত রাতে সড়কসহ প্রায় দুই বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়।
সড়কের একাংশ নদীতে বিলীন হওয়ায় ফুলজোড়, নাংলা ও কাইজেরচরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়েছে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং জরুরি প্রয়োজনে উপজেলা সদরে যাতায়াত নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা। দ্রুত ব্যবস্থা না নিলে যোগাযোগব্যবস্থা আরও বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা।
ক্ষতিগ্রস্ত জমির মালিক ঝর্ণা বেগম এই প্রতিবেদককে বলেন, আমার বাবার জমিতে তারা জোর করে মাটি কেটে মরিচ ধরা গাছসহ মরিচের ক্ষেত নদীতে ভেঙে নিল। আমরা এর বিচার চাই।
তবে ড্রেজার মালিক আজাদ এই প্রতিবেদককে বলেন, আমি জমির মালিকদের টাকা দিয়েছি। তাদের অনুমতি নিয়েই মাটি কাটি।
অন্যদিকে, ক্ষতিগ্রস্ত একাধিক জমির মালিকের দাবি, তারা কোনো টাকা পাননি। মাটি উত্তোলনে বাধা দিয়েও কোনো লাভ হয়নি। তাদের আপত্তি উপেক্ষা করেই ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হয়েছে। দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নেয়া হলে সড়কের অবশিষ্ট অংশসহ আশপাশের আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হতে পারে। তারা অবিলম্বে ড্রেজারে মাটি উত্তোলন বন্ধ, ভাঙন প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এই প্রতিবেদককে বলেন, আমি প্রশাসনিক কাজে জামালপুরে অবস্থান করছি। ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। ড্রেজার ও পাইপ জব্দ করা হয়েছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















