জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, সরকার শপথ গ্রহণের এক মাস পূর্ণ হওয়ার আগেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো একটি একটি করে বাস্তবায়ন করছে। দেশ ও জনগণের কল্যাণে বিএনপি কাজ করে যাচ্ছে।
১৭ মার্চ, মঙ্গলবার সন্ধ্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী শাহ মাহমুদ ফাজিল মাদরাসা মাঠে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি ঋণ মওকুফ করেছেন। মা-বোনদের জন্য ফ্যামেলি কার্ড চালু করেছেন। মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সম্মানিভাতা চালুর কার্যক্রম শুরু করেছেন। তারেক রহমান কৃষকদের জন্য ন্যায্যমূল্যে সার ও বীজ সরবরাহ, সহজ শর্তে কৃষি ঋণ প্রদান এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই লক্ষ্যে কৃষক কার্ড বাস্তবায়নের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী পহেলা বৈশাখ এই কৃষক কার্ড চালু করা হবে। দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেসের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মনজুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লানজু, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনু ফকির, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রবিউল ইসলাম রাসেল, পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক আবুল কালাম আজাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, কলেজ ছাত্রদলের আহবায়ক আছাদুজ্জামান রাজ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমান ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহাদ হোসেন। দোয়া পরিচালনা করেন পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোস্তাকিম বিল্লাহ।
বাংলার চিঠি ডেস্ক : 



















