জামালপুর জেলার নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ঝরেপড়ার ঝুঁকিতে থাকা অপারগ শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে চাইল্ড ক্লাব ও ব্রিজ স্কুলের চারদিনের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। ২৮ জানুয়ারি, বুধবার উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র শেওলা সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানটিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাশাপাশি উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের মাধ্যমে ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং দুটি ব্রিজ স্কুল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিক্ষকদের দক্ষতা উন্নয়নের লক্ষে ২৫ জানুয়ারি, রবিবার চারদিনের প্রশিক্ষণের উদ্বোধন করেন সিডস প্রকল্পের ফোকাল পারসন ও পরিচালক (মানবসম্পদ ও মনিটরিং) জাহাঙ্গীর সেলিম। এ সময় আরও বক্তব্য রাখেন পরিচালক (কর্মসূচি) মুর্শেদ ইকবাল, কর্মসূচি ব্যবস্থাপক এস. এ শামসুদ্দিন। প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার (শিক্ষা) সায়েদুল ইসলাম।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক তৃতীয় ও চতুর্থ শ্রেণির পাঠ্যবই ব্যবহার করে পিছিয়ে পড়া ও অপারগ শিক্ষার্থীদের ভাল শিক্ষার্থীদের সমকক্ষ করার জন্য এ বিশেষ উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমটি পরিচালনা করা হয়। প্রশিক্ষণে ৩২ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের প্রতিটি বিষয় অনবদ্য কৌশল ও আধুনিক পদ্ধতি অনুসরণ করায় প্রশিক্ষণার্থীরা সন্তোষ প্রকাশ করেন। চাইল্ড ক্লাব এবং ব্রিজ স্কুল কার্যক্রমকে তারা স্বাগত জানিয়েছেন।
দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশ উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির মাধ্যমে সফলভাবে প্রতিটি কার্যক্রম বাস্তবায়ন করছে বলে উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম তার বক্তব্যে উল্লেখ করেন। তিনি অংশগ্রহণকারী শিক্ষকদের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা যথাযথ প্রক্রিয়ায় কাজে লাগানোর আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 



















