জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। ২৯ নভেম্বর, শনিবার বিকালে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উভয় পক্ষ।
আহতরা হলো, সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ, ময়নাল হক, মমিনুর রহমান, নাজমুল হক, শান্ত ইসলাম, মিজানুর রহমান, হাসি বেগম, মোতালেব মিয়া, আলামিন, আনিছুর রহমান, শাহাজাহান ও নারগিস বেগম। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে ইউপি সদস্য হারুন অর রশিদকে আশস্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া নরপাড়া এলাকায় সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদের সঙ্গে একই এলাকার মোতালেব মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২৯ নভেম্বর সকালে বিরোধপূর্ণ জমিতে মোতালেব মিয়া তার লোকজন নিয়ে জোরপূর্বক মাটি কাটতে যান। এতে বাধা দেন সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ ও তার পরিবারের লোকজন।
এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মোতালেব মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদের উপর হামলা করে মারধর করতে থাকে। এ সময় হারুন অর রশিদের পরিবারের লোকজন এগিয়ে গেলে তাদেরকে পিটিয়ে আহত করে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র সাহা এ প্রতিবেদককে বলেন, উপজেলার পিংনা এলাকায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 

















