জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র গরমে হিটস্ট্রোকে বালি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ৩ জুন, বুধবার দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বালি বেগম ওই এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ জুন, বুধবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে খড় শুকানোর কাজ করছিলেন বালি বেগম। এ সময় প্রচণ্ড গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মেহেজাবীন রশীদ তিন্নী বলেন, হাসপাতালে আনার আগেই বালি বেগমের মৃত্যু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এ প্রতিবেদককে বলেন, হিটস্ট্রোকে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই তীব্র গরমে সবাইকে সচেতন থাকতে হবে। হিটস্ট্রোক এড়াতে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলতে হবে।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 













