জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবস্থিত জিল বাংলা সুগার মিলে প্রায় ৫১৭ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে ২০২৬-২০২৬৭অর্থ বছরের ৬৯ তম আখ মৌসুমের মাড়াই কার্যক্রম ও চিনি উৎপাদন শুরু হযেছে।
২৭ নভেম্বর, শুক্রবার বিকালে আখ মাড়াই উদ্বোধন উপলক্ষে জিল বাংলা সুগার মিল কর্তৃৃ্পক্ষ ক্যান কেরিয়ার প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি বাংলাদেশের মানুষের রাষ্ট্রের মালিকানা রাষ্ট্রের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নেয়ার পর থেকেই দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন। নানামুখী পদক্ষেপ নিচ্ছেন। এই পদক্ষেপের একটা অংশ হল এই বাংলাদেশের বন্ধ শিল্প কারখানাগুলোকে সচল করা। কাজেই এই সচল শিল্প কারখানা বন্ধ হয়ে যাক এটা কাম্য নয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছর সংগ্রামের পরে আজকে বাংলাদেশকে নিয়ে নতুন করে এগিয়ে যাওয়ার সংগ্রাম করছি, বাংলাদেশ যখন এগিয়ে যাওয়ার পথে যাত্রা শুরু করেছে, ঠিক সেই সময় এই বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য পতিত স্বৈরাচারের দোসরেরা আবার নতুন করে নানা ষড়যন্ত্র করছেন।
বাংলাদেশ চিনিও খাদ্য শিল্প করপোরেশন চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইসলামপুর আসনের সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন সচিব মোহাম্মদ মজিবুর রহমান, মিল ব্যবস্হাপনা পরিচালক কৃষিবিদ মো. ফেরদৌস আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহ জহুরুল হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনেয়ার হোসেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আব্দুর রশিদ সাদা, পৌর বিএনপি সহ-সভাপতি সাদেক আক্তার নেওয়াজী, সাধারণ সম্পাদক ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজু, আখ চাষী রনজু আহাম্মেদ, তারেক মাহমুদ প্রমুখ।
জানা গেছে, ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুমে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ৭৭ হাজার মেট্রিক টন, চিনি আহরণের হার (রিকোভারী) শতকরা ৭ ভাগ। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা পাঁচ হাজার ৩৯০ মেট্রিক টন। ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুমে ৮৬ দিন মাড়াই কার্যক্রম চালু রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ৮৪ হাজার ৯৪২ মেট্রিক টন আখ মাড়াই করে চিনি উৎপাদন করা হয়েছিল পাঁচ হাজার ৩৬৮ মেট্রিক টন, চিনি আহরণের হার (রিকোভারি) ছিল শতকরা ৬ দশমিক ৩২ ভাগ।
মিল জোন এলাকায় চাষীদের মাঝে আখ চাষে যথেষ্ট আগ্রহ রয়েছে। ২০২৬-২০২৭ আখ মাড়াই মৌসুমে আখচাষীদের স্বার্থ বিবেচনান সরকার কর্তৃক কুইন্টাল প্রতি ২৬ টাকা বৃদ্ধি করে পূর্বের ৬২৫ টাকার স্থলে প্রতি কুইন্টাল আখের মূল্য ৬৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ প্রাপ্তি নিশ্চিতকরণ, মানসম্মত চিনি উৎপাদন এবং চিনি আহরণের হার বৃদ্ধি করে এই চিনিকলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই মিল ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য।
প্রতিদিন ৯০০ মেট্রিক টন আখ মাড়াই করে পাঁচ হাজার ৩৯০ মেট্রিক টন চিনি উৎপাদন করা হবে। দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ভারী শিল্পপ্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিলস লিমিটেড ১৯৫৭ সালে পাকিস্তান ও নিউজিল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় স্থাপিত হয়। এর নাম ছিল জিল পাক সুগার মিলস লিমিটেড। স্বাধীনতার পর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে জিল বাংলা সুগার মিলস লিমিটেড করা হয়।
বর্তমানে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের অধীনে মিলটি পরিচালিত হয়ে আসছে। এটি বাংলাদেশের প্রথম তিনটি চিনিকলের একটি। ১৯৫৮-৫৯ সালে প্রথম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে জিল বাংলা সুগার মিলটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করা হয়। যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত সুগার মিলটি ৬৮টি মৌসুমে আখ মাড়াই কার্যক্রম সম্পন্ন করেছে। এর মধ্যে লাভের মুখ দেখেছে মাত্র ১৯টি মৌসুমে।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















