জামালপুরের ইসলামপুর উপজেলায় নৌকাবাইচের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়ার পর হাসান আলী (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন। ১৭ অক্টোবর, শনিবার বিকালে উপজেলার সাপধরী ইউনিয়নের কটাপুর ঘাটে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ অক্টোবর বিকালে কটাপুর ঘাটে নৌকাবাইচের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আনন্দ তরী বনাম বিজয় এক্সপ্রেস নৌকা অংশ নেয়। ওই নৌকার সঙ্গে নৌকার বাইচে হিসাবে নৌকায় ঊঠেন ডিগ্রিরচর আগ্রাখালী এলাকার নদর আলীর ছেলে হাসান আলী। প্রতিযোগিতায় নৌকাটি বিজয়ী হলেও এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন হাসান আলী।
পরে তাকে ইসলামপুর উপজেলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। হাসান আলী চার সন্তানের জনক। তার মৃত্যুতে পরিবারের স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই প্রতিবেদককে বলেন, নৌকা বাইচে অংশগ্রহণকারী হাসান আলী আকস্মিক অসুস্থ হয়ে মারা গেছেন বলে শুনেছি। তবে এ ব্যাপারে কেউ থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 


















