আসন্ন ঈদউল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে ভিজিএফ কর্মসূচির বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
২১ মে, বৃহস্পতিবার সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নে এই চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জামান এ প্রতিবেদককে জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চরআমখাওয়া ইউনিয়নে সাত হাজার ৪০৩ জন কার্ডধারীর মাঝে প্রতিজনের মাঝে ১০ কেজি করে ৭৪ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এ প্রতিবেদককে বলেন, ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে চাল বিতরণ অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, চাল বিতরণে যাতে কোন প্রকার অনিয়ম না হয় এর জন্য তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহমান নান্নু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হাসেম, যুগ্মসাধারণ সম্পাদক শহিদুর রহমান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও ইউপি সদস্য বাবুল আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















