জামালপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক জাকিউল ইসলাম খান টিপু (৪৮) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার ভোর রাতে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে ১৪ ডিসেম্বর, রবিবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
জাকিউল ইসলাম খান টিপু একাধারে সাংস্কৃতিক সংগঠক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালকসহ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি যুব রেড ক্রিসেন্ট ইউনিট জামালপুরের সাবেক যুব প্রধান, ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, ব্রহ্মপুত্র ব্যান্ডের কর্ণধার, কলতান কচিকাঁচার মেলা জামালপুরের সংগঠক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জামালপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক আজকের জামালপুরের নিজস্ব প্রতিবেদক, স্টুডিও বাজনার স্বত্বাধিকারী ছাড়াও তিনি বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি শেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাউন্ড অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।
জাকিউল ইসলাম খান টিপু জামালপুর পৌর শহরের কাঁচারিপাড়া এলাকার মরহুম বীর মুক্তিযোদ্ধা সামছুজ্জোহা খানের কণিষ্ঠ সন্তান। তিনি স্ত্রী ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ হীরা জানান, ১৪ ডিসেম্বর রাতে কর্মস্থল শেরপুর জেলা শিল্পকলা একাডেমি থেকে মোটরসাইকেলে জামালপুরে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জাকিউল ইসলাম খান টিপু। তার বাম পা মারাত্মকভাবে ভেঙে যায়। তাকে জামালপুরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই রাতেই ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার ভোর রাতে তিনি ঢাকায় একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিকাল ৪টায় শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয়। মাগরিবের নামাজের পর একই মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পৌর কবরস্থানে তার বাবা ও ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
জাকিউল ইসলাম খান টিপুর মৃত্যুতে শিল্পকলা একাডেমি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, প্রেসক্লাব ও নাগরিক সংগঠন গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে। তার এই অকাল মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের পাশাপাশি শুন্যতা তৈরি হয়েছে।
আসমাউল আসিফ : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 



















