আগুনের ভয়াবহ ধংসের হাত থেকে রক্ষার কৌশল ও বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা অর্জনসহ যেকোন দুর্যোগ মোকাবেলায় নিজেকে সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে ২৪ সেপ্টেম্বর, বুধবার জামালপুরে অনুষ্ঠিত হয়েছে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ।
জামালপুর এরিয়া প্রোগ্রামের সহায়তায় জামালপুর পৌরসভায় রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চবিদ্যালয়ে বেলা ১১টায় মহড়া অনুষ্ঠান পরিচালনা করেন জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ইজ্জাতুননেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মহড়া অনুষ্ঠানের আগে আগুন নেভানোর কৌশলসহ অন্যান্য দুর্যোগের হাত থেকে রক্ষায় শ্রেণি ক্যাপ্টেনসহ ৬০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর আগুন নেভানোর আধুনিক কৌশল সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়। বিদ্যালয়ের পাঁচ শতাধিক ছাত্র, ছাত্রী ও শিক্ষকবৃন্দ এ মহড়া অনুষ্ঠান উপভোগ করেন।

প্রসঙ্গত, অগ্নিকান্ডসহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় জামালপুর এরিয়া প্রোগ্রাম এপি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ মহড়ার আয়োজন করা হয়।
উন্নয়ন সংঘ সূত্র জানায়, উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের মাধ্যমে জামালপুরে শিশু সুরক্ষা ও স্পন্সরশিপ, জীবিকায়ন এবং স্বাস্থ্য, পুষ্টি, ওয়াসসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 



















