‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকের নামে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল রবিবার বেলা ১১টায় মাদারগঞ্জ প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলা এ মানববন্ধনের আয়োজন করে।
মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের মাদারগঞ্জ প্রতিনিধি মির্জা হুমায়ুন কবীরের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের মাদারগঞ্জ প্রতিনিধি জুলফিকার আলী বাবলু, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমার দেশের উপজেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম, আমার সংবাদের প্রতিনিধি ইউসুফ আলী, দৈনিক জনতার প্রতিনিধি সামিউল ইসলাম শামিম, দৈনিক সংবাদের প্রতিনিধি আনিছুর রহমান আইয়ুব, মানবজমিনের প্রতিনিধি আল্পনা জান্নাত, পল্লীকণ্ঠ প্রতিদিনের প্রতিনিধি বজলুর রহমান খান, সংবাদ সারাবেলার প্রতিনিধি হৃদয় হাসান ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলেয়া হেলেন, আমার দেশের পাঠক আশিক, সাইফুল ইসলাম, সবুজ মিয়া প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, সম্পাদক মাহমুদুর রহমান এবং তার সহকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছে ফ্যাসিবাদের দোসর ও দেশের সম্পদ লুণ্ঠনকারী মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের এসব অপকর্ম অনেকদিন ধরেই আড়ালে চলছিল।
বক্তারা আরও বলেন, সরকারের পরিবর্তনের পর আমার দেশ পত্রিকায় এসব দুর্নীতির সংবাদ প্রকাশিত হলে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও তার সহযোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। সত্য ঘটনা নিয়ে প্রতিবেদন করলে মামলা করে সাংবাদিকদের হয়রানি করা হবে, তা মেনে নেয়া হবে না। অনতিবিলম্বে মামলাটি প্রত্যাহার এবং মোস্তফা কামালকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। মামলা প্রত্যাহার না হলে পরবর্তীতে মেঘনা গ্রুপের সকলপণ্য বয়কটসহ আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হবে।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















