জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় টিসিবির ৮০ বস্তা চাল ও ডাল জব্দ করেছে মাদারগঞ্জ থানা পুলিশ। ২৫ জানুয়ারি শনিবার সন্ধ্যায় উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে চাল-ডালসহ তিন জনকে আটক করে পুলিশ।
মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, ২৫ জানুয়ারি সন্ধ্যায় টিসিবির চাল ও ডাল পাচারের জন্য একটি ঘরের ভেতর সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় হুমায়ুন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ৮০ বস্তা চাল ও ডালসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার চরবওলা এলাকার রমজান আলী (৫২), তেঘরিয়া উত্তরপাড়া এলাকার জেসমিন (৪০) ও একই এলাকার ফারজানা (২০)।

আটক ব্যক্তিদের দাবি এসব মালামাল কিসের সে বিষয়ে তারা জানতেন না, তারা দিনমজুর হিসেবে কাজ করেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ সংবাদদাতাকে বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
খাদেমুল ইসলাম : সংবাদদাতা মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















