গ্রামীণ ঐতিহ্য ঘোড়দৌড় নতুন প্রজন্মের কাছে পরিচিত করার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়দৌড় দেখতে নানা শ্রেণি ও পেশার হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। ঘোড় দৌড় উপলক্ষে এলাকায় বসে গ্রামীণ মেলা।
১৩ জানুয়ারি সোমবার বিকালে উপজেলার মহাদান ইউনিয়নের সিংগুয়া, বিলবালিয়া ও সিরাজাঙ্গাল গ্রামের যুব সমাজের উদ্যোগে বিস্তীর্ণ মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় তিনটি বিভাগে ৩৫টি ঘোড়া নিয়ে অংশ নেয় প্রতিযোগী ঘোরসওয়াররা। ঘোড়দৌড় উপলক্ষে উৎসবের সাজে সাজিয়ে তোলা হয় আশপাশের এলাকা। এ উপলক্ষে এলাকায় বসে গ্রামীণ মেলা। মেলায় হরেকরকম পসরা সাজিয়ে বসেন দোকানিরা। প্রতিযোগিতায় খেলায় জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কাজীপুর, সিরাজগঞ্জ, ধনবাড়ী ও মধুপুরসহ বেশ কয়েকটি জেলার ঘোরসওয়ার অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন। এ সময় অন্যান্যের বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ ফোয়ামের সহ-সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদুল রহমান, মাহমুদা সালাম মহিলা কলেজের প্রভাষক রাহুল মিয়া, সেংগুয়া চেরাগআলী মোড় বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 



















