‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। ১৩ অক্টোবর রবিবার সকালে এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, মানবাধিকারকর্মী ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নির্বিচারে বৃক্ষনিধন, জ্বালানি পুড়িয়ে বায়ু দূষণ, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে অস্বাভাবিক প্রাকৃতিক পরিবর্তন ও বিপর্যয় দেখা দিয়েছে। পৃথিবীকে বাসযোগ্য রাখতে এখন থেকেই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 



















