
শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম
সদ্য ক্ষমতাচ্যূত শেখ হাসিনা সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় গ্রেপ্তার হওয়া শেরপুরের নকলা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোখলেছুর রহমান তারাসহ গ্রেপ্তারকৃত সকল নিরাপরাধ কারাবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট রবিবার সকালে নকলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে আঞ্চলিক মহাসড়কের দুপাশে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, পৌর বিএনপির আহ্বায়ক কামরুল আলম খান লিটন, কারাবন্দি তারার ভাতিজা জেলা বিএনপির সদস্য ও নকলা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রিপনসহ আরও অনেকে। এসময় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে নকলা উপজেলার সর্বস্তরের নাগরিকের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি পেশ করা হয়।
বক্তরা বলেন, মোখলেছুর রহমান তারা দেশপ্রেমী ও নিষ্ঠাবান একজন রাজনীতিবিদ ও সমাজকর্মী ছিলেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মোখলেছুর রহমান তারার জন্ম তারিখ ১০ অক্টোবর ১৯৬০ সাল। ১৯৭১ সালে তার বয়স ছিল ১০ বছর। কিন্তু আওয়ামী লীগ সরকারের শাসনামলে হয়রানিমূলক মামলার আসামি হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে বর্তমানে তিনি জেলখানায় বন্দি আছেন। অন্তর্বর্তীকালীন সরকারের তার মুক্তির দাবি এবং মামলাটির হুকুমদাতাসহ যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
বাংলার চিঠি ডেস্ক : 



















