
মোস্তফা মনজু
জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের মৌলভীনগর উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে চাকরির নিয়োগ প্রক্রিয়ায় মোটা অংকের টাকার ঘুষবাণিজ্য ও হয়রানির অভিযোগ উঠেছে। আবেদনকারীদের পক্ষে অফিস সহায়ক পদে আবেদনকারী আলপনা বেগম ৩০ মে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে নিয়োগ কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছেন।
১ জুন শনিবার দুপুরে বিদ্যালয় চত্বরে ভুক্তভোগী চাকুরী প্রার্থী আলপনা আক্তার অভিযোগ করে বলেন, মৌলভীনগর উচ্চ বিদ্যালয়ে একজন অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২২ সালের ৯ এপ্রিল। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আমি অফিস সহায়ক পদে আবেদন করি। আবেদনের পর থেকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কতিপয় লোভী দুর্নীতি পরায়ণ সদস্য এবং প্রধান শিক্ষক আমার কাছে এবং অন্যান্য প্রার্থীদের কাছে মোটা অংকের টাকার ঘুষ দাবি করে আসছেন। ঘুষ না দিলে কারোই চাকরি হবে না বলে হুমকি দিচ্ছে।
তিনি আরো অভিযোগ করেন, মোটা অংকের ঘুষের বিনিময়ে তারা তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার পায়তারা করছে। ওই পদে কোন মহিলাকে নিয়োগ দেওয়া হবে না। শুধু ঘুষের দাবিই নয়, তারা জমিও দাবি করেছেন। তাদেরকে ঘুষের পুরো টাকা দিতে না পারায় গত দু’বছরেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার জন্য গোপনে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে মোটা অংকের ঘুষের বিনিময়ে চাকরি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরো অভিযোগ করেন, প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মৌলভীনগর উচ্চ বিদ্যালয়কে দুর্নীতি, ঘুষবাণিজ্য ও অনিয়মের আখড়ায় পরিণত করেছেন। এ বিষয়ে জেলা প্রশাসক, ইউএনও ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়ে তদন্তপূর্বক নিয়োগ কার্যক্রম স্থগিত করে স্বচ্ছতার সাথে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগ প্রসঙ্গে বক্তব্য নেয়ার জন্য ১ জুন শনিবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামকে পাওয় যায়নি। পরে তিনি ফোনে এ প্রতিবেদককে বলেন, বিদ্যালয়য়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সকল কার্যক্রম পরিচালিত হয়। অফিস সহায়ক পদে তৃতীয়বার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী একজন অফিস সহায়ক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে তৃতীয়বার কোন পত্রিকায় কত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি ছাপিয়েছেন, তা তিনি বলতে রাজি হননি। এই নিয়োগের ব্যাপারে কারো কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগও সঠিক নয় বলে দাবি করেন তিনি।
জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, আলপনা আক্তার নামের এক নারী মৌলভীনগর উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে চাকরির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন। সেটি আমি পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে আমাদের উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবো।
বাংলার চিঠি ডেস্ক : 















