সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরের ইসলামপুর উপজেলায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর, শুক্রবার বিকালে উপজেলা ও পৌর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু। তিনি বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করা হবে। জাতীয়তাবাদী ছাত্রদলসহ সকলকে রাজপথে থেকে দেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, সহ-সভাপতি এ কে এম শহীদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, যুগ্ম সম্পাদক আজমুদৌল্লাহ পাহলোয়ান, পৌর বিএনপির সভাপিত রেজাউল করিম ঢালীসহ অন্যান্য উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এতে অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক : ইসলামপুর, বাংলারচিঠিডটকম 


















