জামালপুরের সরিষাবাড়ীতে মোটর সাইকেলের ধাক্কায় আব্দুস ছালাম (৫৩) নামের এক পথচারী নিহত হয়েছে। ১৪ নভেম্বর, শনিবার রাতে উপজেলার আওনা ইউনিয়নের স্থল উত্তরপাড়া এলাকায় তারাকান্দি-ভুয়াপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস ছালাম সরিষাবাড়ী উপজেলার স্থল উত্তরপাড়া গ্রামের মৃত নজর আলী মন্ডলের ছেলে। এ ছাড়াও মোটর সাইকেলের চালকসহ দু’জন আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- চালক সুজন (১৬), মোটর সাইকেলআরোহী সিয়াম (১৫) ও কাউসার মিয়া (১৫)। তারা আওনা ইউনিয়নের আওনা চরের গঞ্চিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ নভেম্বর রাতে স্থানীয় জগনাথগঞ্জ ঘাট বাজার থেকে বাড়িতে ফিরছিলেন আব্দুস সালাম। পথিমধ্যে যমুনা কোচিং সেন্টার এলাকায় বিপরীত থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে পথচারী আব্দুস ছালামসহ মোটরসাইকেলের চালক ও দুই আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে তারাকান্দি যমুনা সারকারখানা স্বাস্থ্য কেন্দ্রে, এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে ১৪ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে আব্দুস ছালাম মারা যান।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন এই প্রতিবেদককে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মোটর সাইকেল জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আব্দুস সালাম
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 


















