কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও নাশতার প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর, শনিবার বিকালে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের উদ্যোগে উপজেলার বয়ড়া বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
বিকালে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল বয়ড়া বাজার এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির। পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজু, উপজেলা বিএনপির সহ-সভাপতি চান মিয়া চানু, কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব সরকার, পিংনা সুজাদ আলী কলেজের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সিফাত প্রমুখ।
প্রতিবাদ সভায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজু বলেন, দেশকে ধ্বংস করে দেশ থেকে পালিয়ে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এখন গুপ্ত হয়ে আবার তারা ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার পায়তারা শুরু করেছে। বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখান করেছে। বাংলাদেশর মাটিতে তাদের রাজনীতি করার সুযোগ আর নেই। আগুন সন্ত্রান বন্ধ করুন। তা না হলে জনগণ সোচ্চার হয়ে প্রতিহত আপনাদেরকে প্রতিহত করবে।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 


















