জামালপুরে এয়ারগান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ৩০ আগস্ট, শনিবার সকালে জামালপুর শহরের স্টেশন রোড এলাকার স্থানীয় বাসিন্দা ফজলুল করিম মনিরের বাসায় যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ।
অভিযানে ফজলুল করিম মনিরের ছেলে মিয়াজী মেহরাবের ঘর থেকে একটি এয়ারগান, দুটি চাইনিজ কুড়াল, ছয়টি ধারালো চাকু, চারটি ওয়াকিটকি, একটি তলোয়ার, দুটি দুরবীন, একটি বুলেটপ্রুফ জ্যাকেটসহ বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মিয়াজী মেহরাবকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক এ প্রতিবেদককে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আসমাউল আসিফ : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 


















