জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রাজস্ব খাতের আওতায় ১১টি নির্বাচিত জলাশয় ও খাস পুকুরে মাছের ৩০৭ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার খরকা বিলে পোনামাছ অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে উপজেলা হাওয়াই রোড এলাকায় আশ্রয়ণ প্রকল্পের সুফলভোগীদের মধ্যে পোনা বিতরণ করা হয়। বিতরণ করা পোনাগুলো পরে আশ্রয়ণ প্রকল্পের পুকুরে অবমুক্ত করা হয়।
মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। তদখন জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক প্লাবন সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খান, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার আল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নুর মোহাম্মদ, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হাবিবুর রহমান হবু, পৌর কৃষক দলের আহবায়ক ইসহাক আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বকুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খান এই প্রতিবেদককে বলেন, ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার দুটি জলাশয়, সাতটি আশ্রয়ণ প্রকল্পের খাস পুকুর ও দুটি প্রাতিষ্ঠানিক পুকুরে মোট ৩০৭ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে পোনামাছ অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এসব পোনা অবমুক্ত করা হয়েছে।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















