জামালপুর সদর উপজেলা নরুন্দিতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাহমুদুল হাসান মেহেদীকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। ২৭ আগস্ট, বৃহস্পতিবার বিকালে জামালপুর সদর উপজেলা নরুন্দি বাজার আল মুনসুর সুপার মার্কেটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান মেহেদী বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। স্বৈরাচার বিরোধী বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। সেই সুবাদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সারাদেশব্যাপী মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আমার এলাকায় মাদক সেবন ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিহত এবং পুলিশকে সার্বিক ভাবে সহযোগিতা করে আসছি।
তিনি আরও জানান, ২৩ আগস্ট, রবিবার সকালে মানিকারচর থেকে ঘোড়া জবাই করে ঢাকাতে বিক্রি করার সেই চক্রটিকে পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে। সেই ঘটনায় সাজাও হয়েছে তাদের। কিন্তু একজন মাদক ব্যবসায়ী মো. রাশেদ তিনি সাংবাদিকদের একটি তথ্য দেন যে আমি টাকা খেয়ে আসামি ছেড়ে দিয়েছি। আমি কি পুলিশ? আসামি ছেড়ে দিব। কিন্তু এমন কোন ঘটনার সাথে আমি কোনভাবেই জড়িত ছিলাম না।
তিনি বলেন, এই কারণে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীরা স্বাভাবিকভাবেই আমাকে বিভিন্নভাবে হয়রানি বা বিপদে ফেলার চেষ্টায় লিপ্ত রয়েছে। ২৩ আগস্ট সকালে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলের গাড়ি আনলোড করতে নরুন্দি বাজারে আসি। তখন মাছপাড়া বাড়ি বোরহান চাচা এসে আমাকে জঙ্গির চায়ের দোকানে নিয়ে যান। সেখানে গিয়ে দেখি মাদক সম্রাট মৃত শেখ ফরিদের ছেলে মাদক ব্যবসায়ী ও নরুন্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. রাশেদসহ কয়েক জন্য মিলে অপরিচিত কয়েকজন লোককে এলোপাতাড়িভাবে মারধর করছে। আমি তাদের এলোপাতাড়িভাবে মারধর না করার পরামর্শ দেই এবং দোষী মনে হলে তাদেরকে পুলিশে দাও। না হয় ছেড়ে দাও, এই কথা বলে আমি সেইখান থেকে চলে যাই।
মাহমুদুল হাসান মেহেদী জানান, ২৪ আগস্ট, সোমবার সাংবাদিকদের মাদক ব্যবসায়ী কিছু দিন আগে মাদক ব্যবসা করার জন্য এলাকার মানুষ যার বাড়িঘর ভেঙে দিয়েছে। সেই রাশেদ একটি কুচক্রীমহলের প্ররোচণায় মিথ্যা তথ্য দিয়ে আমাকে সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমার উপর আনিত সকল অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে সোহরাব মেম্বার, আসমত আলী পাঠান, বোরহান উদ্দিন, হোসেন আলীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















