জামালপুর পৌরসভার রামনগর ও তেঁতুলিয়া গ্রামের মাঝামাঝি অবস্থিত পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে পরিবেশ সংরক্ষণ ও ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ২৭ জুন, শনিবার ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম। এ সময় ঈদগাহ মাঠজুড়ে শতাধিক দেবদারু গাছের চারা রোপণ করা হয়।
পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলু বলেন, প্রথম ধাপে শতাধিক দেবদারু গাছ লাগানো হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারাও রোপণ করা হবে। ঈদগাহ মাঠকে সবুজ ও পরিবেশবান্ধব করে তোলাই আমাদের মূল লক্ষ্য।
পঞ্চগ্রাম ঈদগাহ মাঠের সভাপতি মোতালের জামালী বলেন, এই ঈদগাহ মাঠ শুধু নামাজের স্থান নয়। এটি পাঁচ গ্রামের মানুষের মিলনকেন্দ্র। মাঠের উন্নয়ন, সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে আরও বিভিন্ন উদ্যোগ নেয়া হবে।

জানা গেছে, জামালপুর শহরতলীর তেঁতুলিয়া, তিরুথা, রামনগর, বামুনপাড়া ও ধোপাকুঁড়ি এই পাঁচটি গ্রামের মুসল্লিরা প্রতিবছর পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাতে অংশ নেন। স্থানীয়দের কাছে মাঠটি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে পরিচিত।
কর্মসূচিতে পাঁচটি গ্রামের গণ্যমান্য ব্যক্তি, ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে দেবদারু গাছের চারা রোপণ করেন।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 


















