জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মডেল থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদে ভাসমান ড্রামসেতু ভেঙে পড়ে পানিতে ডুবে মৃত ৫ শিশুর দাফন সম্পন্ন হয়েছে।
২২ মার্চ, রবিবার সকালে পৃথক জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এ ঘটনায় চার সদস্যের বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
মৃত শিশুরা হল- দেওয়ানগঞ্জ উপজেলার ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০) ও ছেলে মোহাম্মদ মিহাদ (১২), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২) এবং বেলতলী এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪) পানিতে ডুবে মারা যায়।
জানা গেছে, ২১ মার্চ, শনিবার বিকালে ঈদের ছুটিতে ব্রহ্মপুত্র নদে ভাসমান ড্রামসেতুতে বেড়াতে গিয়ে ভিড় জমান স্থানীয় লোকজন। অতিরিক্ত চাপে ভেঙে যায় ভাসমান ড্রামসেতুটি। এতে অনেকে ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে যান। অনেকেই সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় পাঁচ শিশু। খবর পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় ২১ মার্চ রাতে একে একে পাঁচ শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। রাতেই তাদের পরিবারের কাছে শিশুদের মরদেহ হস্তান্তর করা হয়।
২২ মার্চ সকালে ডাকাতিয়াপাড়া, ঝালুরচর ও বেলতলী এলাকায় পৃথক জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এ প্রতিবেদককে বলেন, খবর পাওয়ার পরপরই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়েছিলেন। মৃত শিশুদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। এ দুর্ঘটনার আনুষঙ্গিক কারণগুলোও খতিয়ে দেখা হবে।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, জামালপুর 



















