জামালপুরে এক শিশুকে হত্যার অভিযোগে রুবেল (২২) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত। ২১ জানুয়ারি, বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক এ প্রতিবেদককে বলেন, ২০১৬ সালের ১৭ জুলাই বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে জামালপুরের ইসলামপুর উপজেলার গামারিয়া গ্রামের নসকর শেখের ছেলে বিপ্লবকে (১২) একই উপজেলার রৌহারকান্দা কুমারপাড়া গ্রামের আছমদ্দির ছেলে রুবেল (১২, বর্তমান বয়স ২২) একাধিক বার পেটে লাথি দিয়ে আহত করে। পরে বিপ্লবকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়।
পরদিন ১৮ জুলাই বিপ্লবের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে ময়মনসিংহে নেয়ার পথেই বিপ্লব মারা যায়। ঘটনার পরদিন বিপ্লবের নানি পিয়ারা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামি রুবেলের উপিস্থিতিতেই তাকে ১০ বছরের আটকাদেশ দেন।
আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মেহেদি হাসান।
আসমাউল আসিফ : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 



















