জামালপুর সদর উপজেলার জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা নগদ তিন লাখ ১৫ হাজার টাকা, সাত লাখ ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের রুপার গহনা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২৫ অক্টোবর, রবিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে পুরোনো বাসায় যান আবুল কাশেম। পরদিন ২৬ অক্টোবর, সোমবার সকালে নতুন বাসায় ফিরে তিনি বারান্দার গ্রিল ও চারটি দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও রুপার গহনা খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন।
এই ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব এই প্রতিবেদককে বলেন, সাংবাদিকের বাসায় চুরির ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতার আনা হবে।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 



















