জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে চালু থাকা ৫টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকালে উপজেলার চিকাজানী, পোল্যাকান্দি ও ভবসুর এলাকায় জামালপুর পরিবেশ অধিদপ্তর এ অভিযান চালায়।
সূত্র জানায়, জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম সামিউল আলম কুর্সি ও দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ৩০ ডিসেম্বর সকালে উপজেলার চিকাজানী, পোল্যাকান্দি ও ভবসুর এলাকায় ইটভাটায় অভিযান চালান। অভিযানে যৌথবাহিনীর সদস্যরাও অংশ নেন।
অভিযানের সময় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী দুর্গা এন্টারপ্রাইজ, মেঘনা ব্রিকস, সেফিড ব্রিকস, যমুনা ব্রিকস ও এম এ বি ব্রিকসকে তিন লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এ প্রতিবেদককে বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















