লাগাও রশি মারো টান, ধর্ষক হবে খান খান- এই উদ্দেশ্য বাস্তবায়নে দেশব্যাপী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জামালপুরের ইসলামপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ বৃহস্পতিবার সচেতন ছাত্র জনতার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জানা গেছে, নারী ও শিশু ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ৬ মার্চ বিকালে ইসলামপুরের সচেতন ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ইসলামপুর পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে থানা গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি হামিদুর রহমান, সাখাওয়াত হোসেন জনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাবিল খান, আরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা সম্প্রতি ইসলামপুরে এক প্রতিবন্ধী মেয়েকে অপহরণ ও গণধর্ষণের বিচার ও আসামিদের গ্রেপ্তারসহ সারাদেশে ধর্ষণের শিকার নারী ও শিশুদের ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 



















