জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ নভেম্বর, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় প্রীতি ফুটবল খেলা। উপজেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, উপজেলা বিএনপির সহসভাপতি ও বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মুসা ও মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য রয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুসংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে দিবসটির সঠিক ইতিহাস ও গুরুত্ব তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকেরা অংশ নেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা-কর্মী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 

















