জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম মানিক নাশকতা মামলায় জেলহাজতে আটক থাকায় প্যানেল চেয়ারম্যান-১ মো. লাল মিয়াকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দিয়েছেন জেলা প্রশাসক।
২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এরআগে ২৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসক হাছিনা বেগম এ সংক্রান্ত একটি পত্র জারি করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের চাচাতো ভাই এবং সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম মানিক পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর তিনি গা-ঢাকা দেন। এরমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগে থানায় মামলা হলে তিনি গ্রেপ্তার হন।
এরপর ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কাজকর্ম স্থবির হয়ে পড়ে। পরে ইউপি সদস্যদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব প্রদানের সুপারিশ করেন। এদিকে দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকায় ৩ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ লাল মিয়া পরিষদের আনুষঙ্গিক কাজকর্ম পালন করে আসছিলেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চান মিয়া চানু, জামালপুর এপোলো হাসপাতালের পরিচালক শরিফুজ্জামান জামালী রুবেলসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মী, সাংবাদিক ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লাল মিয়া বলেন, পোগলদিঘা উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন। এ এলাকার অধিকাংশ গ্রাম ঘনবসতি ও নদীকেন্দ্রিক হওয়ায় নানা সমস্যা বিদ্যমান। আমি যে কয়েকদিন সময় পাবো সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে জনগণের সেবা করতে চাই।
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ছাড়াও মাদক, জুয়া, বিশৃঙ্খলা ও বাল্যবিয়ে প্রতিরোধে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 



















