
মো. আলমগীর
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
দেশের চলমান পরিস্থিতিতে সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে জামালপুর সদর উপজেলা কর্তৃক ৪০০ বাস, ট্রাক, হোটেল ও লোড-আনলোড শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৮ জুলাই রবিবার বিকেলে সদর উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন অডিটরিয়ামে এ খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকির সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজন কুমার চন্দ।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজন কুমার চন্দ বলেন, আমরা শেখ হাসিনার পক্ষে জামালপুর সদর উপজেলা কর্তৃক এই দুঃসময়ে আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমরা ধন্য। যারা রাজনীতির নামে আপনাদের রোজী রুটির উপর আঘাত করে আজকে দেশের যে অস্থিতিশীল অবস্থা তৈরি করছে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সরোয়ার হোসেন শান্ত, সদস্য অধ্যাপক সুরুজ্জামান, জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি মসিউর রহমান বাবু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন আক্তার রুমি, পৌর শ্রমিক লীগের সভাপতি মোজাম্মেল হক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে ৪০০ শ্রমিকদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে দুটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলার চিঠি ডেস্ক : 










