সারাদেশে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অগ্নিসংযোগ, অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি।
২৬ নভেম্বর, বৃহস্পতিবার বিকালে জামালপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, গত ১৭ বছর যুগের শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের রোষাণলে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী হত্যা, গুম, খুনের শিকার হয়েছে। সেই স্বৈরাচার শেখ হাসিনা আন্দলোনের মুখে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পরবর্তীতে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। আজ সেই স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন । তাদের নেতা-কর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। তিনি নাকি দেশে ফিরবেন? তিনি বলেন, খুনি শেখ হাসিনার বাংলার মাটিতে আর কোন ঠাই হবে না। তাকে বাংলাদেশের মানুষ আর মেনে নিবে না। এ সময় তিনি ষড়যন্ত্রকারীদের রুখে দিতে নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান।
জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহমেদ লোটন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সেলিনা বেগম, কাজী মসিউর রহমান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ শেষে জামালপুর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
মাহমুদুল হাসান মুক্তা : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 


















