জামালপুরে ভেকু দিয়ে মাটি কেটে এক বীর মুক্তিযোদ্ধার জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে তারই সহোদর ছোট ভাইয়ের বিরুদ্ধে। ১৩ নভেম্বর, শুক্রবার সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের পূর্বপাড় দিঘুলি খামারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। জামালপুর থানায় এই বিষয়ে অভিযোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দিগপাইত ইউনিয়নের পূর্বপাড় দিঘুলি খামারবাড়ি এলাকার মৃত মোজাফফর সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের সাথে তার সহোদর ছোট ভাই মোস্তাফিজুর রহমানের দীর্ঘ দিনের জমির বিরোধ রয়েছে। ২০১৯ সালের ৯ জানুয়ারি রেজিস্ট্রিকৃত হেবা ঘোষণাপত্র দলিলের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন তার মেয়ে ইসরাত জাহান শায়লার নামে ৭৫ শতাংশ জমি হস্তান্তর ও দখল বুঝিয়ে দেন।
পরবর্তীতে তার মেয়ে ইসরাত জাহান শায়লা নামজারী করে নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন। ওই জমির প্রায় ৩০ শতাংশ জায়গায় মৌসুমি শাকসবজি চাষাবাদ এবং কলা, বেলসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ লাগিয়ে ভোগদখলে রয়েছেন তিনি। কিন্তু ওই ৭৫ শতাংশ জমির মধ্যে ১৬ শতাংশ জমি বেদখল করার চেষ্টা চালিয়ে আসছিল ইসরাত জাহান শায়লার চাচা ও বীর মুক্তিযোদ্ধার সহোদর ভাই ও ভাতিজা। আদালতে একটি মামলাও চলমান রয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন এই প্রতিবেদককে বলেন, ১৩ নভেম্বর সকালে ছোট ভাই মোস্তাফিজুর রহমান ও তার ছেলে তানবীদসহ তাদের লোকজন ওই জমিতে প্রবেশ করে। ভেকু দিয়ে জোরপূর্বক মাটি কাটতে শুরু করে। তখন বাধা দিলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ভেকু চাপা দিয়ে মেরে ফেলার হুমকিও দেন। একপর্যায়ে তারা মারধরের জন্য তেড়ে এলে স্থানীয় লোকজন আমাকে রক্ষা করে। এছাড়া জমিতে গেলে বা একা পেলে খুন করে লাশ গুম করে ফেলবে এবং মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটানোর হুমকিও দিয়েছে তারা।
বীর মুক্তিযোদ্ধার মেয়ে ইসরাত জাহান শায়লা এই প্রতিবেদককে বলেন, আমার বাবা আমাকে ৭৫ শতাংশ জমি লিখে দিলে পরবর্তীতে আমি বাবাকে ১০ শতাংশ জমি লিখে দেই। কিন্তু ওই জমিতে আমার চাচার নিজের কোন জমি না থাকলেও তিনি তার সুবিধামত রাস্তার পাশের জায়গা জোরপূর্বক দখল করেছেন। আমাদের জমি থেকে ভেকু দিয়ে মাটি ও গাছ কেটে ফেলেছেন। আমার বাবা থানায় অভিযোগও দায়ের করেছেন।
বীর মুক্তিযোদ্ধার ছোট ভাই মোস্তাফিজুর রহমান এই প্রতিবেদককে বলেন, আমিও জমির মালিক। আমার বড় বোনের জমি থেকে মাটি কেটে আমার জমিতে ফেলেছি। এই জমি নিয়ে আদালতে মামলাও রয়েছে।
জামালপুর সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মকবুল হোসেন এই প্রতিবেদককে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটতে নিষেধ করেছি। পরবর্তীতে সদর থানার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করছি। জমি সংক্রান্ত বিরোধে সমাধান পেতে তাদের আদালতের স্বরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছি।
আসমাউল আসিফ : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 


















