শেরপুরের ভণ্ড, প্রতারক ও স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর, বুধবার দুপুরে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এই মানব বন্ধনের আয়োজন করে শেরপুর জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও সচেতন সনাতন সমাজ।
এতে বক্তব্য রাখেন প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দের ভাই পলাশ চৌধুরী, দিলীপ পোদ্দার, দীপক দাম, আশীষ দে, বিদ্যুৎ দাম, প্রতাপ রায়, রাজীব সোম, অমিত মালাকার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ দীর্ঘদিন ধরে মামলা ও চাঁদাবাজ, কালো যাদুকারী, পিনোটাইজ করে শেরপুরের বহু মানুষের অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতকারী এবং নারীলোভী ভণ্ড প্রতারক। তাকে এবং তার সহযোগী বিপ্লব দে লব, শ্যামলী মালাকার, রীতেশ কর্মকার, চয়নিকা, এনামুলসহ অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সাথে ভণ্ড প্রবীর চৌধুরীকে শেরপুর ছাড়া করতে হবে। নইলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে বলে কঠোর হুশিয়ারী দেন বক্তারা।

প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ এর ভাই পলাশ চৌধুরী এই প্রতিবেদককে বলেন, প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ কোনো ব্রহ্মচারী নয়। ও একটা ভণ্ড প্রতারক মামলাবাজ ও চাঁদাবাজ। ও সবাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও টাকা দাবি করে। এদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। এদের হয়রানি শিকার হয়ে অনেকেই বড় ভোগান্তি পোহাচ্ছে। এভাবে তো চলতে পারে না। তাই ভণ্ড প্রবীর চৌধুরীকে গ্রেপ্তার করে এর শাস্তি দাবি করছি।
মুগনিউর রহমান মনি : নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম 



















