বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটের সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে ভাইস-চেয়ারম্যান পদে মাহবুবুর রহমান জিলানী ও সেক্রেটারি পদে খায়রুল ইসলাম লিয়ন নির্বাচিত হয়েছেন।
জেলা রেডক্রিসেন্ট ইউনিটের-২০২৬-২৮ এর বিশেষ সাধারণ সভায় জিলানী-লিয়ন পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মো. ফজলুল হক। ২৬ সেপ্টেম্বর, শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে রেডক্রিসেন্টের বিশেষ সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, আজীবন সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান মাহাবুবুর রহমান জিলানী, সেক্রেটারি খাইরুল ইসলাম লিয়ন, আইনজীবী মো. ফজলুল হক প্রমুখ।
এ সময় জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক বলেন, বুকের তাজা রক্তের বিনিময়ে এ দেশের মহান স্বাধীনতা পেয়েছি। আমি মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরে যুদ্ধকালীন সময়ে কমান্ডারের দায়িত্বে ছিলাম। যে সকল বন্ধুরা জীবন দিয়েছে তাদের লাশ কাঁধে নেয়ার পরে তাদের বুকের তাজা রক্তে আমার শরীর বেয়ে কাপড় ভিজে গিয়েছে। এই দুঃখ আমাকে ধাবিত করে। এই ত্যাগ আমাকে মহিমান্বিত করে। স্মৃতি মানুষকে দুঃখ দেয়। আবার অনেক সুখ দেয়। তার বিনিময়ে মহান স্বাধীনতা আমরা পেয়েছি।
তিনি আরও বলেন, সমাজের দুস্থ, আত্মপীড়িত মানুষের পাশে থেকে ও দেশের যেকোনো দুর্যোগে রেড ক্রিসেন্ট ইউনিটের প্রশিক্ষিত সদস্যরা মানবতার কল্যাণে কাজ করে। দেশের ক্রান্তিকালে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে। তিনি সবাইকে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
পরে জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান পদে মাহবুবুর রহমান জিলানী ও সেক্রেটারি পদে খায়রুল ইসলাম লিয়ন, সদস্য নিলোফার চৌধুরী মনি, সদস্য জিয়াউল হক জিয়া, সদস্য মো. সাঈদ বিন আনোয়ার, সদস্য সাইফুল আলম খান, সদস্য মো. ইকরামুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাত সদস্যের কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মো. ফজলুল হক।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















