সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
২১ সেপ্টেম্বর, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মনজুর কাদের বাবুল খান। এ সময় মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেসসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মনজুর কাদের বাবুল খান বলেন, আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি রাজপথে রয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে কেউ জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ষড়যন্ত্র মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানাচ্ছি।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















