সামাজিক ব্যাধি হিসাবে চিহ্নিত শিশুর বিকাশ ও সুরক্ষার অন্যতম প্রধান প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বাল্যবিয়ে বন্ধে সরকারি ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানকে সহায়তা দানকারী জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) জামালপুরে নিরন্তর ভূমিকা পালন করেছে।
ইউএনএফপিএ এর সহায়তা ও অনুপ্রেরণায় জামালপুরে বাল্যবিয়ে বন্ধে একত্রে কাজ করছেন অভিভাবক, সরকারি কর্মকর্তা, ইমাম ও গ্রাম পুলিশ, এনজিওকর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। মাঠপর্যায়ে সম্ভাবনার কার্যক্রম পরিদর্শনে গিয়ে নেদারল্যান্ডসের দূতাবাসের প্রতিনিধিদল জামালপুরে সরকারি কর্মকর্তা, মা-বাবা, গ্রাম পুলিশ ও স্কুল-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন।
সম্প্রতি নেদারল্যান্ডসের দূতাবাস এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর একটি প্রতিনিধিদল জামালপুর সফরে আসেন। নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে পরিচালিত বাল্যবিবাহ বন্ধে ‘সম্ভাবনা’-এর কার্যক্রম কিভাবে সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের সঙ্গে কাজ করছে, তা দেখতে এই সফরের আয়োজন করা হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দূতাবাসের উপ-প্রধান এবং উন্নয়ন সহযোগিতা ও অর্থনৈতিক বিষয়ক প্রধান ইয়ানা ভ্যান ডার লিন্ডেন।
জামালপুরে ২০ থেকে ২৪ বছর বয়সি নারীদের মধ্যে ৫৪.৮ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। জাতীয় পর্যায়ে ১৮-এর আগে বিয়ের হার ৪৭.২ শতাংশ। নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় ইউএনএফপিএ ২০২৪ সালের ডিসেম্বর থেকে জামালপুর ও গাইবান্ধায় ‘সম্ভাবনা’ কার্যক্রম বাস্তবায়ন করছে। ‘সম্ভাবনা’ শব্দের অর্থ সুযোগ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সহযোগী সংস্থা একশনএইড বাংলাদেশ ও কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্টের সঙ্গে যৌথভাবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সরকারের চলমান সামাজিক সুরক্ষা কর্মসূচির সঙ্গে এই কার্যক্রমে আরও যুক্ত করা হয়েছে জেন্ডারসমতা, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, মেয়েদের অধিকার এবং নিজের সিদ্ধান্ত নিজে নেয়ার বিষয়ে নিয়মিত আলোচনা ও সচেতনতামূলক সেশন। এর মধ্যে রয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ ও ‘জীবিকায়ন’ কর্মসূচি।
পরিদর্শনের অংশ হিসাবে প্রতিনিধি দল জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক করেন। সম্ভাবনা কার্যক্রমের সহায়তায় জামালপুর জেলায় বাল্যবিবাহ বন্ধে কর্মপরিকল্পনাটি হালনাগাদ করা হয়েছে। যেখানে ২০২৫ থেকে ২০৩০ সাল পর্যন্ত বাস্তবায়নের জন্য ২২টি কার্যক্রম নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং বাল্যবিয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া সবচেয়ে কার্যকর। তবে দীর্ঘমেয়াদে সুফল পেতে সচেতনতা তৈরি, বাল্যবিয়ের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষা এবং অসচ্ছল পরিবারের জন্য আর্থিক সহায়তাও সমানভাবে গুরুত্বপূর্ণ।
ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নে প্রতিনিধিদলটি ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচির অধীনে অংশগ্রহণকারী নারীদের সঙ্গে কথা বলে। তাদের মধ্যে চারজনের বিয়ে হয়েছিল ১৩ বছর বয়স হওয়ার আগেই। একজন নারী বলেন, আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স মাত্র ১০ বছর। কিছুই বুঝতাম না।
তবে নিজেদের সন্তানদের বাল্যবিয়ে না দেওয়ার বিষয়ে তারা ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। তারা বলেছে, আমরা কখনোই আমাদের সন্তানদের ১৮ বছরের আগে বিয়ে দেব না। কখনোই না। বিয়ে নিবন্ধন বিষয়ে একটি সচেতনতামূলক সেশনে অংশ নেয়ার পর, তাদের মধ্যে তিনজন নিজেদের বিয়ের নিবন্ধন সনদ সংগ্রহ করতে কাজি অফিসে যান।
বাল্যবিয়ে প্রতিরোধে বাবারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ২০২৬ সালে চারটি জেলায় পরিচালিত একটি প্রাথমিক জরিপে ৭০.৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, সাধারণত একটি মেয়ের কখন বিয়ে হবে, এ সিদ্ধান্তে বাবার সিদ্ধান্তই সবচেয়ে বেশি প্রভাব ফেলে।
একজন বাবা ও পেশায় অটোরিকশাচালক রফিকুল ইসলাম জানান, আগে তিনি মেয়েকে অল্প বয়সেই বিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু বাবাদের জন্য সম্ভাবনার সচেতনতামূলক সেশনগুলোতে অংশ নেয়ার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন, মেয়ে যতদূর পড়াশোনা করতে চায় করবে। তাকে সেই সুযোগ তিনি দেবেন।
সফরের দ্বিতীয় দিনে নেদারল্যান্ডস এবং ইউএনএফপিএ-এর প্রতিনিধি দল মেষ্টা ইউনিয়নের আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়টির শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, কোনো শিক্ষার্থী কিছুদিন স্কুলে অনুপস্থিত থাকলেই তারা নিজ উদ্যোগে তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন।
জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ইয়ানা ভ্যান ডার লিন্ডেন বলেন, এই সমস্যার সমাধানে একটিমাত্র উদ্যোগই যথেষ্ট নয়। ইউএনএফপিএ সরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়ন করছে। যা আমাদের কাছে খুবই ইতিবাচক। এতে প্রকল্পের বাইরের সহায়তা শেষ হলেও কার্যক্রমটি চালিয়ে নেয়া সম্ভব হবে।
২০২৭ সালের শেষ নাগাদ জামালপুর ও গাইবান্ধায় ৯০ হাজার কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী এবং ৫০০টি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে সম্ভাবনা। নেদারল্যান্ডসের দূতাবাসের সহায়তায় সম্ভাবনা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
বিশেষ প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 

















