জামালপুরে চাঁদা না দেওয়ায় এক নারী উদ্যোক্তা ও তার চার বছর বয়সী শিশুসন্তানকে মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতা ও তার পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী। অভিযোগ করে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
২০ নভেম্বর, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর মেডিকেল কলেজ রোডে একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী নারী উদ্যোক্তা মোছা. সুমি আক্তার। তিনি জামালপুর পৌরসভার পাথালিয়া মিয়াবাড়ি এলাকাট এসএম আবির হাসানের স্ত্রী।
লিখিত বক্তব্যে নারী উদ্যোক্তা সুমি আক্তার জানান, ১৯ নভেম্বর, বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪টার দিকে জামালপুর শহরের উদ্দেশে যাওয়ার পথে আবু সাইম রফাতের বাবার দোকানের সামনে পৌঁছালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ছাত্রলীগ নেতা আবু সাইম রফাত। বিষয়টি রফাতের বাবা বরকত মিয়াকে জানালে তিনিও সেখানে এসে তার উপর চড়াও হন। একপর্যায়ে রফাত ও তার বাবা-মা মিলে সুমীর চুলের মুঠি ধরে টানাহেঁচড়া, শারীরিক লাঞ্ছনা ও মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
সুমি আক্তারের অভিযোগ, এ সময় তার কোলে থাকা চার বছর বয়সী ছেলে আয়মান হাসান সানবিরকেও মারধর করা হয়। একপর্যায়ে শিশুটিকে তার কোল থেকে কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। এতে শিশুটির ঠোঁট ফেটে রক্তাক্ত জখম হয়। তিনিও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
তিনি আরও জানান, ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে সেখান থেকে চলে যান হামলাকারীরা। যাওয়ার সময় বিষয়টি নিয়ে কাউকে বিচার দিলে কিংবা আইনের আশ্রয় নিলে প্রাণনাশসহ আরও ক্ষতি করার হুমকি দেন তারা।
লিখিত বক্তব্যে সুমি আক্তার আরও বলেন, হামলাকারী আবু সাইম রফাত কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য। এর আগেও তিনি তাকে রাস্তায় একা পেয়ে বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা বলতেন এবং চাঁদা দাবি করে হুমকি দিতেন বলে অভিযোগ করেন সুমি। ঘটনার দুই দিন আগেও তাকে একা পেয়ে গালিগালাজ করা হয়েছিল বলে জানান তিনি।
ঘটনার পর আহত অবস্থায় তিনি ও তার শিশুসন্তান জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এই ঘটনায় মো. বরকত মিয়া, আবু সাইম রফাত ও মোছা. সফু আক্তারের নাম উল্লেখ করে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
সুমি আক্তার বলেন, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। হামলাকারীরা আবারও তার ও পরিবারের সদস্যদের ক্ষতিসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ অবস্থায় ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের সহযোগিতাও চান।
মাহমুদুল হাসান মুক্তা : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 

















