খেলাধুলা, আড্ডা ও বিনোদনের সমন্বয়ে জামালপুরে যাত্রা শুরু করেছে ‘জামালপুর টার্ফ এন্ড ক্যাফে’। কৃত্রিম ঘাসে তৈরি আধুনিক খেলার মাঠে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার সুযোগের পাশাপাশি থাকছে খাবার ও আড্ডার ব্যবস্থা।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল প্রতিষ্ঠানটি খোলা থাকবে ২৪ ঘণ্টা। আর খেলার মাঠ ব্যবহারের জন্য প্রতি এক ঘণ্টা করে স্লট ভাড়া নেয়া যাবে। অনলাইন পেজের মাধ্যমেই করা যাবে বুকিং।
২০ নভেম্বর, শুক্রবার জুমার নামাজের পর ফিতা কেটে ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন প্রধান অতিথি জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর টার্ফ এন্ড ক্যাফের উদ্যোক্তা আসিফ ইকবাল।
জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফির সঞ্চালনায় অনুষ্ঠানে জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুল হক খান দুলাল, নাসিব জামালপুর জেলা শাখার সভাপতি এনামুল হক খান মিলন, যুবদল নেতা ফিরোজ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। জামালপুরের ক্রীড়াঙ্গনে আজ থেকে নতুন একটি মাধ্যম যুক্ত হল- জামালপুর টার্ফ এন্ড ক্যাফে। প্রতিষ্ঠানটির যাত্রা জামালপুরের ক্রীড়াঙ্গন ও ক্রীড়ামোদীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে সেই প্রত্যাশা করছি।
উদ্যোক্তা আসিফ ইকবাল বলেন, জামালপুর টার্ফ এন্ড ক্যাফে’ ভাড়ার ভিত্তিতে পরিচালিত হবে। প্রতি এক ঘণ্টাকে একটি স্লট নির্ধারণ করা হয়েছে। আগ্রহীরা নির্ধারিত ভাড়ায় স্লট বুকিং দিয়ে খেলার মাঠ ব্যবহার করতে পারবেন। স্লটভিত্তিক ভাড়ার পরিমাণসহ বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের অনলাইন পেজে দেওয়া হয়েছে। ওই পেজ থেকেই সরাসরি বুকিং করা যাবে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টা খোলা থাকবে। ফলে তরুণ-যুবকসহ সব বয়সী খেলাধুলাপ্রেমীরা নিজেদের সুবিধামত সময়ে এখানে খেলার সুযোগ পাবেন।
মাহমুদুল হাসান মুক্তা : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 

















