জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাতুল নামে ১৬ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর, রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় এই ঘটনা ঘটে। রাতুল ওই এলাকার মুনজুরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১১ অক্টোবর দুপুরে বাড়ির উঠানে খেলছিল রাতুল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তার নিথর দেহ ভাসতে দেখেন স্বজনেরা।
পরে শিশুটিকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
১৬ মাস বয়সি শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার নাহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদককে জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















