জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নূর মোহাম্মদ, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ও এনজিও প্রতিনিধি জাহিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, প্রবীণেরা আমাদের সমাজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভান্ডার। তাদের অবদানেই পরিবার, সমাজ ও রাষ্ট্র সমৃদ্ধ হয়েছে। জীবনের শেষ প্রান্তে এসে কোনো প্রবীণ যেন অবহেলা ও অনাদরে না থাকেন, সেই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, প্রবীণদের যথাযথ সম্মান, নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের অভিজ্ঞতা ও পরামর্শ নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। তাই প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 







