সারা দেশে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে জামালপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি।
১২ সেপ্টেম্বর, শনিবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জামালপুর সদর উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। শুধু প্রশাসনের উদ্যোগে নয়। নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে সবাইকে এই কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে। তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
এ সময় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার, বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস, উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীসহ সংশ্লিষ্টরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
কর্মসূচির অংশ হিসাবে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পানি জমে থাকা স্থান পরিষ্কারের উপর গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানকে কার্যকর করতে আগামী তিনদিন বিভিন্ন পর্যায়ে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















