জামালপুরের দেওয়ানগঞ্জে বসতঘরের বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দাদি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে দেওয়ানগঞ্জ পৌরসভার পুরাতন রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দেওয়ানগঞ্জ পৌর এলাকার আব্দুর রশিদের স্ত্রী লাকী আক্তার (৪০) এবং তার ছেলে রাজু আহমেদ (১৪)। আহত দাদির নাম বুলি বেগম (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর রাতে আব্দুর রশিদের বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। পরে রাজু নিজে সেই সংযোগ মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরবর্তীতে চোখের সামনে পুত্রবধূ ও নাতিকে ছটফট করতে দেখে দাদি বুলি বেগম তাদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে প্রতিবেশীরা চিৎকার শুনে তাদেরকে দ্রুত উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে লাকী আক্তার ও তার ছেলে রাজু মারা যান। গুরুতর আহত অবস্থায় দাদি বুলি বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এই প্রতিবেদককে বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 








