জামালপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের ৫১ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৭৫৬ টাকা ১১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১১ লাখ ৩৬ হাজার ৫৫২ টাকা। ফলে সম্ভাব্য উদ্বৃত্ত থাকবে দুই কোটি এক লাখ ৫১ হাজার ২০৪ টাকা ১১ পয়সা।
২৯ জুন, সোমবার দুপুরে পৌরসভার হলরুমে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পৌরসভার প্রশাসক (উপসচিব) মৌসুমী খানম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৪ জুন, বুধবার পৌর ভবনের সভাকক্ষে পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের সংশোধিত ও ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত খসড়া বাজেট বিষয়ক প্রশাসকের সহায়তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তাবিত সেই বাজেট সবার সামনে উপস্থাপন করা হল।
বাজেটে রাজস্ব (সাধারণ শাখা) খাতে আয় ধরা হয়েছে ২১ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৫৪৫ টাকা। ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকা। রাজস্ব (পানি সরবরাহ শাখা) খাতে আয় ৫১ লাখ ৯২ হাজার ৬০৯ টাকা এবং ব্যয় ৫০ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা ধরা হয়েছে।
উন্নয়ন সহায়তা তহবিল (ADP) খাতে আয় ধরা হয়েছে ছয় কোটি ৫১ লাখ সাত হাজার ৫১০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ছয় কোটি ৫০ লাখ ৮১ হাজার টাকা। গুরুত্বপূর্ণ/টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প খাতে আট কোটি ৫৮ হাজার ৮৮২ টাকা আয় এবং আট কোটি ১৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (কুয়েত) খাতে আয় ধরা হয়েছে সাত কোটি ৬৩ লাখ সাত হাজার ৪৪৪ টাকা এবং ব্যয় ধরা হয়েছে সাত কোটি ৫৯ লাখ ২১ হাজার ৪৪৪ টাকা। প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা (আবর্তক) তহবিল খাতে এক কোটি ৫৪ লাখ ৬১ হাজার ১৫৬ টাকা আয় এবং এক কোটি ৫১ লাখ ১৬ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। স্থানীয় সরকার কোভিড-১৯ (প্রতিক্রিয়া ও পুনরুদ্ধার) প্রকল্প (LGCRRP) খাতে আয় ধরা হয়েছে পাঁচ কোটি ৭৯ লাখ ২৪ হাজার ৬০৭ টাকা এবং ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি ৭৯ লাখ এক হাজার ৬০৮ টাকা।
বাজেট প্রসঙ্গে পৌর প্রশাসক মৌসুমী খানম বলেন, পৌরসভার রাজস্ব তহবিল ব্যবহার নির্দেশিকা-২০২৫ অনুসরণ করে ও শহর সমন্বয় কমিটির সদস্যদের সাথে এবং পৌরসভার বিভাগীয় প্রধান ও শাখা প্রধানদের সাথে আলোচনা করে এবং ধারাবাহিক আয়-ব্যয়ের সাথে সংগতি রেখে ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত ব্যয়ের ক্ষেত্রে সরকারি নির্দেশনা প্রতিপালন করা হয়েছে। আমরা আশাবাদী প্রস্তাবিত বাজেট পৌরসভার সার্বিক উন্নয়ন তরান্বিত করবে।
সংবাদ সম্মেলনে পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, সহকারী প্রকৌশলী সুহেল মিয়া, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, হিসাবরক্ষক মো. শরীফ উদ্দিনসহ সাংবাদিকবৃন্দ অংশ নেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















