বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল।
১ জুন, সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এ অভিযান শুরু হয়। পরে হাওয়াই ব্রিজসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন যুবদলের নেতাকর্মীরা।
এ সময় রাস্তার পাশে পড়ে থাকা ডাবের খোসা, দইয়ের মাটির পাত্র, জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।

অভিযানে উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেছ, যুগ্মআহবায়ক জুয়েল রানা, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, উপজেলা যুবদলের সদস্য আবু সাইম শ্যামা, আজাদুল ইসলাম, যুবদল নেতা আব্দুর রাজ্জাক, মাসুদুর রহমান আকন্দ, খোকন চৌধুরী, হাবিবুর রহমান, আল আমিন, ওমর ফারুক, রফিকুল ইসলাম, হানিফ আহমেদ, সুজন আহম্মেদ, জিএম আতিকুর রহমান, কামরুল, মোশারফ, শাহীন, রজিবর, রেজাউল, মিষ্টারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন।
উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নিয়েছি। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। তাই জনসাধারণকে সচেতন করতে এবং ডেঙ্গু প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে যুবদল মাঠে কাজ করছে।
তিনি আরও বলেন, যুবদল সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২ জুন, মঙ্গলবার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 








