জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত তারাকান্দি যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। ৭ জানুয়ারি, বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।
কারখানা সূত্র জানায়, ১৯৯০ সালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়। শুরু থেকে দৈনিক এক হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হয়।
তবে গত বছর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেয়ায় ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে যমুনা সার কারখানায় গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ফলে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এতে কর্মহীন হয়ে পড়েন শ্রমিকেরা। এদিকে গত বছরের ২৩ ডিসেম্বর ইউরিয়া সার উৎপাদন শুরু করলেও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চলতি বছরের ৫ জানুয়ারি, সোমবার রাত থেকে যমুনা সার কারখানায় ফের ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়।
সূত্র আরো জানায়, যমুনা সার কারখানা থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও রাজবাড়ী ছাড়াও উত্তরবঙ্গের ১৯ জেলার প্রায় দুই হাজার ৫০০ জন ডিলার যমুনার ইউরিয়া সার উত্তোলন করেন। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলে কারখানার আওতাভুক্ত এলাকায় সার সংকট হওয়ায় শঙ্কায় দেখা দিতে পারে।
এ ব্যাপারে যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক এ প্রতিবেদককে বলেন, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ৫ জানুয়ারি রাত থেকে যমুনায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। মেরামতের কাজ শেষ করে দ্রুত উৎপাদনে যাওয়া যাবে বলে আশার করছি।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 



















