জামালপুরের ইসলামপুর উপজেলার মুখশিমলা দালালবাড়ি মোড় মার্কেটে আগুন লেগে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। ২৮ সেপ্টেম্বর, সোমবার দিবাগত গভীর রাতে এই আগুন লাগে।
স্থানীয়রা জানান, উপজেলার পাথর্শী ইউনিয়নের দালালবাড়ি মোড় মার্কেটে আব্দুস সালামের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে আব্দুস সালাম ও জাহাঙ্গীর আলমের মুদির দোকান, রাজিব মিয়ার ওষুধের দোকান ও বিকাশের দোকান, নয়া মিয়ার চা ও মনোহারী দোকান এবং ইসমাইল হোসেনের পান সুপারির দোকান পুড়ে ভস্মীভূত হয়। প্রতিটি দোকানে পর্যাপ্ত মালামাল থাকায় এবং বিকাশের দোকানে টাকা পুড়ে যাওয়াসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাজহারুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে আট লাখ টাকার মত ক্ষয়ক্ষতি ও ২০ লাখ টাকার মত মালামাল উদ্ধার করা হয়েছে।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 



















