জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চরে রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ইসলামপুর বিএনপি।
১৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে থানামোড় বটতলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী প্রমুখ।
এ সময় পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মনিরুল করিমন-সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এতে উপস্থিত ছিলেন।
বক্তারা নিষিদ্ধ সংগঠনের এমন আস্ফালনের নিন্দা জানিয়ে আগামী দিনে যে কোন পরিস্থিতি প্রতিহত করার ঘোষণা দেন।
অন্যদিকে সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু সমর্থিত দলীয় নেতা-কর্মী সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে থানা মোড় বটতলায় পথসভা করে।
ঝটিকা মিছিলের এ ঘটনায় ইসলামপুর থানায় ১২৮ জন-সহ আরও অজ্ঞাত ২০০-২২০ জনকে আসামি করে মামলা দায়েরে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 



















