জামালপুর জেলা শহরে প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তির ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে পরিচালিত ব্যাটারিচালিত ইয়াদিয়া (Yadea) বাইক জোনের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৯ নভেম্বর, রবিবার দুপুরে জামালপুর মেডিকেল কলেজ রোডের দক্ষিণ ফুলবাড়িয়া বাইপাস সড়কে অবস্থিত ইয়াদিয়া বাইক জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
উদ্বোধন উপলক্ষে পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) জামালপুর জেলা শাখার সভাপতি এনামুল হক খান মিলন এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি দিদারুল আলম কালা প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন বাইক জোনের স্বত্বাধিকারী একরামুল হক খান সজীব, রানার অটোমোবাইলস পিএলসির ন্যাশনাল বিজনেস ম্যানেজার টিএম আসিবুল ইমরান এবং প্রতিষ্ঠানটির চিফ বিজনেস কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার দিন দিন বাড়ছে। জামালপুরে ইয়াদিয়া বাইক জোনের যাত্রা শুরু হওয়ায় স্থানীয় ক্রেতারা আধুনিক ইলেকট্রিক বাইক সম্পর্কে জানতে ও কেনার সুযোগ পাবেন। পাশাপাশি এটি জেলার ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশ নেন।
মাহমুদুল হাসান মুক্তা : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 


















